উত্তরবঙ্গে ফের পুলিশ কর্মীর মৃত্যু । কোচবিহারে পুলিশ কর্মীর মৃত্যু করোনায়


উত্তরবঙ্গ : উত্তরবঙ্গে ফের পুলিশ কর্মীর মৃত্যু । করোনা সংক্রামিত হয়ে কোচবিহারের এক পুলিশ কর্মীর মৃত্যু হল। কোচবিহার পুলিশ সূত্রে খবর, ওই পুলিশ কর্মীর নাম সদানন্দ সরকার(৫৬)। তিনি জলপাইগুড়ির ময়নাগুড়ি শহরের আনন্দনগর পাড়ার বাসিন্দা। কোচবিহার পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি। প্রায় ১৫ দিন আগে তিনি কোচবিহার থেকে ছুটি নিয়ে জলপাইগুড়িতে নিজের বাড়িতে চলে যান। সেখানে অসুস্থতা বোধ করলে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। ওই বেসরকারি হাসপাতালে সদানন্দবাবুর লালার নমুনা পরীক্ষার পর গত ১৮ জুলাই রিপোর্ট করোনা পজিটিভ আসে। এরপর শুক্রবার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান সংবাদ সংস্থাকে বলেন, ‘তার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করছি। তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’
এদিকে সেই পুলিশ করীর বাড়ির এলাকাকে কনটেন্টমেন্ট জোন হিসেবে ঘোষণা করার উদ‍্যোগ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। ওই পরিবারের সংস্পর্শে কারা এসেছিলেন সেই বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেছে প্রশাসন।